How is temperature measured? উত্তাপ কিভাবে পরিমাপ করা যায়?
একটি যন্ত্রের সাহায্যে উত্তাপ পরিমাপ করা যায়। ইহার নাম তাপমান যন্ত্র (Thermometer)। ইহা পারদপূর্ণ একটি কাঁচের নল ছাড়া কিছুই নয়। উত্তাপ কমা বা বাড়ার সঙ্গে ঐ নলের পারদ নীচে বা উপরে উঠে। এই নলটির গায়ে দাগ কাটিয়া কতকগুলি চিহ্ন দেওয়া হয়। পারদের উঠানামার সঙ্গে এই দাগগুলি মিলাইয়া উত্তাপ পরিমাপ করা যায়।
তাপমান যন্ত্র দুই প্রকারের। একটি সেন্টিগ্রেড তাপমান যন্ত্র (Centigrade thermometer) এবং অপরটি ফারেনহাইট তাপমান যন্ত্র (Fahrenheit thermometer)। যে তাপমান যন্ত্রে ০° ডিগ্রী হইতে ১০০° ডিগ্রী পর্যন্ত দাগ থাকে এবং যা যথাক্রমে হিমাঙ্ক (freezing point) ও স্ফুটনাঙ্ক (boiling point) নির্দেশ করে তাহাকে বলে সেন্টিগ্রেড তাপমান যন্ত্র। অন্যদিকে, যে তাপমান যন্ত্রে ৩২° এবং ২১২° যথাক্রমে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দেশ করে তাহাকে ফারেনহাইট তাপমান যন্ত্র বলে।
কোন স্থানের গড় বা মধ্যম তাপ (mean temperature) মাপিতে হইলে সেই স্থানের সর্বোচ্চ (maximum) তাপ এবং সর্বনিম্ন (minimum) তাপের গড় বাহির করিতে হয়।
