What are cyclones and anti cyclones? How are they caused? ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত কি? কি ভাবে ইহাদের উৎপত্তি হয়?
কোনও অবিস্তৃত স্থানে যদি হঠাৎ উত্তাপ বৃদ্ধি হয় তবে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন চারিপাশের উচ্চচাপ অঞ্চল হইতে ভারী বাতাস ঐ নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ধাবিত হয়। ফেরেলের সূত্রানুযায়ী উত্তর গোলার্ধে এই বায়ুপ্রবাহ ডানদিকে বাঁকিয়া যায় এবং সেইজন্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তে (anti-clockwise) ঘুরিতে থাকে। আবার দক্ষিণ গোলার্ধে এইরূপ নিম্নচাপের দিকে আসিবার সময় বায়ু বামদিকে বাঁকিয়া যায় বলিয়া ইহা ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তে (clockwise) ঘুরিতে থাকে। কেন্দ্রে প্রবেশ করিবার পর এই প্রবল বায়ু ঘূর্ণি আকারে উপরের দিকে উঠিয়া যায়। এইভাবেই ঘূর্ণবাতের (cyclone) সৃষ্টি হয়।
আবার যদি কোথাও হঠাৎ অধিক পরিমাণে তাপের হ্রাস হয় তবে সেখানে একটি শক্তিশালী উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন সেই কেন্দ্র হইতে শীতল ও ভারী বায়ু চারিপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে ছড়াইয়া পড়ে। উত্তর গোলার্ধে এই বহির্গামী বায়ু ডানদিকে বাঁকিয়া যায় এবং ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তে (clockwise) ঘুরিতে থাকে। অন্যদিকে, দক্ষিণ গোলার্ধে এই বায়ু বামদিকে বাঁকিয়া যায় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তে (anti-clockwise) ঘুরিতে থাকে। ইহাকে প্রতীপ ঘূর্ণবাত (anti-cyclone) বলে।

