What are monsoons? How are they caused? মৌসুমী বায়ু কি? কিভাবে তাহাদের সৃষ্টি হয়?
বিশেষ সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাহাকে বলে সাময়িক বায়ু। সেই হিসাবে মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু। কারণ মৌসুমী বায়ু বছরের বিশেষ বিশেষ ঋতুতে নির্দিষ্ট পথে প্রবাহিত হইয়া থাকে। আরবী শব্দ 'মৌসুম' (যার অর্থ ঋতু) হইতে মৌসুমী বায়ুর নামকরণ হইয়াছে।
গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু (Summer Monsoon): গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির উপর সোজাসুজি কিরণ দিয়া থাকে। সুতরাং সেই সময়ে এশিয়ার স্থলভাগ অত্যন্ত উত্তপ্ত হয় এবং সেখানে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সেই শূন্যস্থান পূরণ করিবার জন্য দক্ষিণের সমুদ্রপৃষ্ঠ হইতে শীতল ও ভারী বায়ু স্থলভাগের দিকে ধাবিত হয়। বিষুবরেখা পর্যন্ত এই শীতল বায়ুস্রোত দক্ষিণ-পূর্ব দিকে চলিতে থাকে। কিন্তু বিষুবরেখা অতিক্রম করিবামাত্র ফেরেলের সূত্রানুযায়ী ইহা ডানদিকে বাঁকিয়া গিয়া দক্ষিণ-পশ্চিম দিক হইতে প্রবাহিত হইতে থাকে। উত্তর গোলার্ধে এই বায়ুর নাম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (S. W. Monsoon)। গ্রীষ্মের মৌসুমী বায়ু সাগরের উপর দিয়া বহিয়া আসে বলিয়া উহাতে প্রচুর জলীয় বাষ্প থাকে। সেই কারণেই এই মৌসুমীবায়ু যেসব দেশের উপর দিয়া প্রবাহিত হয় সেই সব দেশে প্রচুর বৃষ্টিপাত হইয়া থাকে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া (ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার, দক্ষিণ-পূর্ব চীন, ইন্দোচীন, জাপানের অংশ, কোরিয়া প্রভৃতি স্থান), আমেরিকার মেক্সিকো ও ক্যারিবিয়ান সাগর উপকূল অঞ্চল, পশ্চিম-ভারতীয় দ্বীপপুঞ্জ, আফ্রিকার আবিসিনিয়ার পূর্বাংশ, পূর্ব আফ্রিকার তীরভূমি ও মাদাগাস্কার গ্রীষ্মের মৌসুমী বায়ুর দেশ। তবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া— বিশেষ করিয়া ভারতবর্ষই প্রকৃত মৌসুমী বায়ুর দেশ। ভারতমহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর হইতে দক্ষিণ-পশ্চিম বায়ুস্রোত ঐ অঞ্চলের উপর দিয়া প্রবাহিত হয়। আবার জাপান, চীন, কোরিয়া প্রভৃতি অঞ্চলে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিক হইতে ঐ বায়ু প্রবাহিত হয় বলিয়া ঐ বায়ুকে দক্ষিণ-পূর্ব মৌসুমীও (S. E. Monsoon) বলে।
শীতকালীন মৌসুমী বায়ু (Winter Monsoon): শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে সরিয়া গিয়া সেখানে নিম্নচাপের সৃষ্টি করে। তখন উত্তর গোলার্ধের স্থলভাগ অত্যন্ত শীতল থাকায় সেখানকার শুষ্ক ও ভারী বাতাস ঐ নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। উত্তর-পূর্ব দিক হইতে এই বায়ু প্রবাহিত হয় বলিয়া ইহাকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (N. E. Monsoon) বা শীতকালীন মৌসুমী বলে। স্থলভাগ থেকে আসার কারণে ইহাতে সাধারণত বৃষ্টিপাত হয় না। তবে ইহা বঙ্গোপসাগরের উপর দিয়া বহিবার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করিয়া ভারতের মাদ্রাজ (চেন্নাই) ও শ্রীলঙ্কায় বৃষ্টিপাত ঘটায়। এই বায়ু বিষুবরেখা অতিক্রম করিলে ফেরেলের সূত্রানুযায়ী বামে বাঁকিয়া যায় এবং উত্তর-পশ্চিম দিক হইতে বহিতে থাকে এবং অস্ট্রেলিয়ায় উপনীত হয়। সাগরের উপর দিয়া প্রবাহিত হইবার সময় জলীয় বাষ্প সংগ্রহ করিয়া ইহা অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

