The mode of living in any part depends, to a great extent upon climate. - Discuss.কোন স্থানে মানুষের জীবনযাত্রা সেই স্থানের জলবায়ুর উপর নির্ভর করে। ব্যাখ্যা কর।
জলবায়ু মানুষের জীবনকে যতটা প্রভাবান্বিত করে, প্রকৃতপক্ষে এমন আর কিছুই করিতে পারে না। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাহার কর্মপ্রচেষ্টা ও চাহিদা সব কিছুই জলবায়ুর উপর বিশেষ নির্ভরশীল।
নাতিশীতোষ্ণমণ্ডলের অধিবাসীরা কর্মঠ, শারীরিক শক্তিসম্পন্ন, চিন্তাশীল এবং উদ্ভাবনী-শক্তিসম্পন্ন হইয়া থাকে। পরন্তু উষ্ণমণ্ডলের অধিবাসীরা অলস, উদ্যমহীন ও দুর্বস। শীতপ্রধান দেশের লোকের খাদ্যদ্রব্য ও পোশাক-পরিচ্ছদ গ্রীষ্মপ্রধান দেশের অধিবাসীদের অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন। গ্রীষ্মপ্রধান দেশের লোকের চাহিদা খুবই কম। কাজেই জীবনধারণের মানও (standard of living) নীচু। আবার জলবায়ুর উপর মানুষের কর্মপ্রচেষ্টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করিয়া থাকে। দেশের উৎপন্ন দ্রব্য ইত্যাদি প্রধানতঃ জলবায়ুর দ্বারাই নিয়ন্ত্রিত হইয়া থাকে।
কৃষিজ পণ্যদ্রব্য: উষ্ণ এবং আর্দ্র সমতলভূমিতে উত্তমরূপে এবং সহজেই কৃষিকার্য হইয়া থাকে। সুতরাং ঐ সব অঞ্চলের লোক সাধারণতঃ কৃষিজীবী। আবার উত্তাপ ও বৃষ্টিপাতের তারতম্যানুসারে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল ফলিয়া থাকে। উষ্ণমণ্ডলের শস্য ও শীতোষ্ণমণ্ডলের শস্য এক নহে।
শিল্প-দ্রব্য: কতকগুলি শিল্পও প্রত্যক্ষভাবে জলবায়ুর উপর নির্ভরশীল। যেমন কার্পাস-শিল্প (cotton textile), সিনেমা-শিল্প (cinematography), ময়দা-শিল্প (flour milling) ইত্যাদি। কার্পাস-শিল্পের পক্ষে আর্দ্র জলবায়ুর দরকার। নতুবা সূতা পাক না খাইয়া ছিঁড়িয়া যায়। সিনেমা-শিল্পের জন্য নির্মল, রৌদ্রকরদীপ্ত জলবায়ুর দরকার। আবার ময়দা-শিল্পের জন্য শুষ্ক এবং উজ্জ্বল জলবায়ুর প্রয়োজন। সুতরাং জলবায়ুর তারতম্যের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের শিল্পের উন্নতি পরিলক্ষিত হয়।
বনজ সম্পদ: বনজ সম্পদের প্রাচুর্য এবং প্রকার-ভেদ জলবায়ুর উপর নির্ভরশীল। যে সব অঞ্চলে বনজ সম্পদের প্রাচুর্য আছে, সেই সব অঞ্চল কাঠের ব্যবসায়ে বিশেষ উন্নত।
মৎস্য সম্পদ: নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্যের চাষ হইয়া থাকে। শীতল ও উষ্ণ স্রোতের মিলন-স্থল মৎস্য উৎপাদনের একটি বিশেষ ক্ষেত্র।
যাতায়াত ব্যবস্থা: জলবায়ু যাতায়াত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। নিরক্ষীয় অঞ্চল আর্দ্র বলিয়া এখানকার মাটি নরম; সুতরাং রেলপথ নির্মাণের অনুপযোগী। মরুভূমিতে রেলপথ নির্মাণ করা যায় না; কারণ বালিতে রেলপথ ঢাকিয়া যাইতে পারে। অত্যধিক তুষারপাত যে সব অঞ্চলে হইয়া থাকে সেখানেও রাস্তাঘাট নির্মাণ সহজ নয়। সুতরাং মানুষের কর্মপ্রচেষ্টা এই সব অঞ্চলে ব্যাহত হয় এবং মানুষ পশ্চাদপদ থাকে। বিমানপথও নির্মল এবং পরিচ্ছন্ন জলবায়ুর উপর বিশেষ নির্ভরশীল।
